কলকাতা: ২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। সরকারি কর্মচারীরা যোগ দিবসে অংশগ্রহণ না করলে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। কর্মীদের জন্য একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি হয়েছিল। শুক্রবার হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই বক্তব্য জানার পর মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
রাজ্য সরকারের মুখ্যসচিবের দফতর থেকে ১৪ জুন একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। বলা হয়েছিল, রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড (চুক্তির মাধ্যমে অন্য সংস্থার যে কর্মীরা সরকারের কাজ করেন) কর্মী এবং সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন, তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দিতে হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে বলা হয়। ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত রাজ্যের সব সরকারি দপ্তরের কর্মীদের যোগ দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে বলা হয়।
রাজ্য সরকারের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলা করে বামপন্থীদের সমর্থিত কো-অর্ডিনেশন কমিটি।
বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় প্রশ্ন তোলেন, এমন অনুষ্ঠানে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারির আদৌ কোনও এক্তিয়ার মুখ্যসচিবের রয়েছে কিনা? রাজ্যের বক্তব্য, হলফনামা দিয়ে রাজ্যকে জানাতেও নির্দেশ দেওয়া হয়। এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়, ওই অনুষ্ঠানে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা যোগ দিবসে অংশগ্রহণ না করলে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। শুক্রবার হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই বক্তব্য জানার পর মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
উল্লেখ্য, এবার যোগ দিবসে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে মেগা ইভেন্ট রয়েছে সেদিন।

No comments:
Post a Comment