নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: স্কুলের ভিতর নাবালিকা ছাত্রীর সঙ্গে অবভ্যতা ও শ্লীলতাহানির অভিযোগ ওই স্কুলেরই ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে স্কুলের ভিতরে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার, দুর্গাপুর মহকুমার অন্তর্গত অন্ডালের উখড়া গ্রামের একটি বেসরকারি স্কুলে ঘটেছে এই ঘটনা। শনিবার অভিযুক্তকে গ্রেপূ করেছে পুলিশ। রবিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনায় ওই স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উখড়া গ্রামের আড়ৎ পাড়া এলাকায় অবস্থিত ওই স্কুলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলের অফিসকক্ষে ডেকে নিয়ে গিয়ে অসদাচরণ ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে ভাইস প্রিন্সিপাল রাজা প্রসাদের বিরুদ্ধে। অভিযোগ, একাধিকবার ওই ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেছেন তিনি। পরিবারের সদস্যরা সম্প্রতি বিষয়টি জানতে পেরে শনিবার অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং এদিনই অভিযুক্তকে গ্রেফতার করে উখড়া ফাঁড়ির পুলিশ। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। একইসঙ্গে নির্যাতিত ছাত্রীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। স্কুলের ভিতরে এমন ঘটনার অভিযোগ সামনে আসতেই অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরব হয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

No comments:
Post a Comment