কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। এই বিষয়ে হাইকোর্টে আবেদনও জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা খারিজ করে দেয় আদালত। পরামর্শ দেন কলকাতার এসএসকেএমে চিকিৎসা করাতে। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানালেন তিনি।
শীর্ষ আদালতে নিজের আবেদনে অভিষেক জানিয়েছেন, ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করেছেন তিনি। কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। এরপরেও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁর চিকিৎসার জন্য করা আবেদনে সাড়া দিচ্ছে না হাইকোর্ট। সেজন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ৩রা আগস্ট সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদনের শুনানি হবে।
গত ২০ জুলাই অভিষেকের বিদেশযাত্রার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখন যেতে দিতে পারে যখন এখানে এই চিকিৎসা করা যাবে না। আপনি কি কখনও এসএসকেএমে গিয়েছিলেন? চিকিৎসকরা একটা বোর্ড গঠন করুক। মেডিক্যাল বোর্ড যদি মনে করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা প্রয়োজন, তাহলে সমস্যা নেই।”
রাজ্যের তরফে অভিষেকের বিদেশযাত্রার আবেদনের বিরোধিতা করা হয়েছিল। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনেরাল রাজদীপ মজুমদার সওয়াল করেছিলেন, “শুধু ডিজে মামলা নয়। আরও অনেক মামলায় জড়িত অভিষেক। এই অবস্থায় বিদেশ যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে।”শেষ পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ালেও তাঁকে বিদেশ যাত্রার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এবারে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment