নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: বরফ কলে আচমকাই গ্যাস লিক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সাপপুকুর গ্রামে। রবিবার রাতে এখানকার একটি বরফ কলে গ্যাস লিক হয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অসুস্থ হয়ে ৭ জন ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে সাড়ে নয়টা নাগাদ বরফ কল থেকে হঠাৎ অ্যামোনিয়া, নাইট্রোজেন ও কার্বন ডাই-অক্সাইড মিশ্রিত গ্যাস বাইরে বেরিয়ে আসতে শুরু করে। দ্রুত সেই গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গ্যাসের প্রভাবে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাড়োয়া হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়টি আগে জানানো হলেও ওই বরফ কল কারখানার তরফে প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি। পরবর্তীতে আশপাশের স্থানীয় মানুষজন অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়। বসতি এলাকার মধ্যে ওই বরফ কল গড়ে ওঠায় যাতে পরবর্তীকাল আর কোনও দুর্ঘটনা না ঘটে, তা নিয়েও বিক্ষোভ জানান এলাকাবাসীন। সেইসঙ্গে অবিলম্বে কারখানা বন্ধেরও দাবী জানানো হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও হাড়োয়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যাস লিকের কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্যাসের প্রভাবে আরও কেউ অসুস্থ হয়েছেন কি না, তা নিয়েও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

No comments:
Post a Comment